বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের “মেসার্স মহামায়া ট্রেডার্স”-এর মালিক গোপাল সাহা ঢাকার মৌলভীবাজার এলাকার “এ এফ ট্রেডার্স” থেকে ৬০ ব্যারেল ভোজ্যতেলের অর্ডার দেন। পরবর্তীতে গত ১৮ মে রাতে যশোরের কোতোয়ালি থানার রাজারহাট এলাকার বাসিন্দা ট্রাকচালক আব্দুর রহমান (৫৮) নারায়ণগঞ্জ থেকে তেল ভর্তি ট্রাক নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হন।
তবে নির্ধারিত সময়ে ট্রাকটি গন্তব্যে না পৌঁছালে ব্যবসায়ী গোপাল সাহা চালকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোনটি বন্ধ পান। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে গত ২০ মে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজার-গাজীর বাজার সড়কের খেদপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে চালক আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় প্রাথমিক অবস্থায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল।
পরবর্তীতে গত ২৩ মে ব্যবসায়ী গোপাল সাহা মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি অবহিত করলে পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে ঘটনার ছায়াতদন্তের নির্দেশ দেন।
আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও নিখুঁত গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। এরপর গত ২৪ মে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও মাগুরা সদর থানা পুলিশের একটি যৌথ দল বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আজাদ হোসেন হিটলার (২৭) নামে এক আসামিকে গ্রেফতার করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে হিটলার এই নৃশংস হত্যাকাণ্ড ও তেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত তাঁর অন্য সহযোগীদের নাম প্রকাশ করেন। তাঁর দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিকাশ সাহা (৩০), আব্দুল কুদ্দুস (৫০) ও হারুন অর রশীদ (৪৮) নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের দেখানো ও নির্দেশিত স্থান থেকে ৪৫ দশমিক ৫ ব্যারেল ভোজ্যতেল, ৭টি খালি ব্যারেল এবং তেল বিক্রির নগদ ৩ লাখ ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ভোজ্যতেলের বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, এটি একটি অত্যন্ত সুসংগঠিত অপরাধী চক্রের কাজ। এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িত ও বর্তমানে পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদক- মোঃ রাজিব হোসেন, মাগুরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...