Logo Logo

রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে ১০ হাজার টাকা জরিমানা


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মো. মেহেরাব হোসেন বিশাল (১৮) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মেহেরাব উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী এলাকার বাসিন্দা এবং মো. মুছা ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার চাড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন মেহেরাব। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারের সদস্যদের জানালে তারা অভিযুক্তের পরিবারকে অবহিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে মেহেরাব বুধবার কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে তুলে আনার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন অভিযুক্তকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত মেহেরাব হোসেন বিশালকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, “এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না—এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...