Logo Logo

পাইকগাছায় সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত


Splash Image

খুলনার পাইকগাছায় সাবেক স্পিকার অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৭ জুন) সকালে উপজেলার হিতামপুর গ্রামে তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত ‘এনতাজ আলী স্মৃতি পাঠাগার’-এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে পবিত্র কোরআনখানি, কবর জিয়ারত, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাঠাগার কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ আজাদুল হক।

সভায় বক্তব্য দেন শেখ জিয়াদুল হক, মো. ইব্রাহিম খলিল, গ্রন্থাগারিক কল্লোল মল্লিক, সৈয়দ মকবুল হোসেন, শেখ শাওন আহমেদ, শেখ সুজন আহমেদ, শেখ শাহনেওয়াজ আশিক, শেখ নাফিজ, শেখ সবুজসহ পাঠাগারের পাঠক সদস্যরা।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন স্থানীয় হিতামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ইব্রাহিম খলিল।

আলোচনা সভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলী স্পিকার এবং তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত থাকাকালে গণমানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। সে সময় তাঁর শুভাকাঙ্ক্ষীর অভাব ছিল না। তবে সময়ের ব্যবধানে অনেকেই তাঁকে ভুলে গেলেও পাইকগাছা-কয়রার উন্নয়নে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে রয়েছে।

বক্তারা আরও বলেন, শেখ রাজ্জাক আলীর উদ্যোগে পাইকগাছা উপজেলা শহরে দুটি বিচারিক আদালত প্রতিষ্ঠিত হয়। এছাড়া শিবসা, কপোতাক্ষ ও চাঁদআলী সেতু নির্মাণ, ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজ, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাইকগাছায় সর্বপ্রথম বিদ্যুৎ ব্যবস্থা চালু এবং পাইকগাছা-কয়রা সড়ক পাকাকরণের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানের শেষে মরহুম শেখ রাজ্জাক আলীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...