Logo Logo

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে নেত্রকোনায় পাল্টা সংবাদ সম্মেলন


Splash Image

মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণা: মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন করার প্রতিবাদে নেত্রকোনায় পাল্টা সংবাদ সম্মেলন করেছেন রেলওয়ে পুলিশে কর্মরত কনস্টেবল মো. শাহজাহান মিয়ার পরিবার ও স্থানীয় এলাকাবাসী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পূর্ব চরপাড়া গ্রামের বাসিন্দা ও মো. শাহজাহান মিয়ার স্ত্রী পিয়ারা খানম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী মো. শাহজাহান মিয়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনে সাহসিকতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আইজিপি পুরস্কার লাভ করেছেন। তার ছোট ভাই জুয়েল মিয়া ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত এবং অপর ভাই সোহেল মিয়া নিজ এলাকায় পোল্ট্রি ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন।

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবার সুনামের সঙ্গে চাকরি ও ব্যবসা পরিচালনা করে আসছে এবং এলাকাবাসীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করছে। পরিবারের উন্নতি ও সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

পিয়ারা খানম অভিযোগ করেন, গত ৭ জুন রামকৃষ্ণপুর পূর্ব চরপাড়া গ্রামের কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের ডেকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে তার স্বামী ও দুই দেবরের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়। তিনি ওইসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থে এবং সামাজিক প্রতিহিংসাবশত তাদের পরিবারকে হয়রানি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন পারিবারিক ও সামাজিক বিরোধ সৃষ্টি, নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে হয়রানি করে আসছেন বলে তাদের দাবি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং সাংবাদিকরা জাতির বিবেক। তাই তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের।

সংবাদ সম্মেলনে শাহজাহান মিয়ার মেয়ে ফারিয়া শেখ, দুই ভাই সোহেল মিয়া ও জুয়েল মিয়া, বোন জাহানারা বেগম, ভাতিজা সোলেমান ও জহিরুলসহ পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...