Logo Logo

পাথরঘাটায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা


Splash Image

বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (১৩ জুন) সকাল ৬টার দিকে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সংলগ্ন নিজ বাড়ির সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী পারভীন বেগম জানান, শুক্রবার রাত ১১টার দিকে তার স্বামী অটোরিকশা চালিয়ে বাড়িতে ফেরেন। রাতের খাবার খেয়ে তিনি ঘরের সামনের কক্ষে ঘুমাতে যান। পারভীন অন্য কক্ষে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে স্থানীয় লোকজন এসে তাকে স্বামীর মৃত্যুর খবর জানান।

তিনি বলেন, “রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। আমার স্বামী বাড়ির বাইরে চার্জে রাখা অটোরিকশাটি মাঝে মাঝে গিয়ে দেখতেন। যেখানে অটোরিকশাটি চার্জে দেওয়া ছিল, সেখান থেকে প্রায় ১০ গজ দূরে তার মরদেহ পাওয়া গেছে।”

পারভীন আরও অভিযোগ করেন, প্রতিবেশী আব্দুল জলিলের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে একাধিক সালিশ বৈঠক হয়েছে এবং বিভিন্ন সময় তার স্বামীকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ সংক্রান্ত মামলা বর্তমানে থানা ও আদালতে বিচারাধীন রয়েছে।

নিহতের বড় ভাই মো. শাহজাহান মিয়া বলেন, “জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালীদের মদদে জলিল ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে আমাদের সন্দেহ।”

পাথরঘাটা থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সকাল সাড়ে ৯টার দিকে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...