Logo Logo

নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল


Splash Image

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ববিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মো. সফিক (৩৮)-এর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগী তাসলিমা আক্তার খুকি (৩৫) একই গ্রামের মো. খলিল ড্রাইভারের স্ত্রী। অভিযুক্ত মো. সফিক মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তার স্বামী গত দুই মাস ধরে সফিকের অধীনে কাজ করলেও কোনো বেতন পাননি। বেতন চাইতে গেলে সফিক দাবি করেন, তার স্বামী ইয়াবা সেবনে অর্থ ব্যয় করেছেন। ঈদুল আজহার সময়ও বেতন না পাওয়ায় পরিবারটি আর্থিক সংকটে পড়ে। পরবর্তীতে তিনি স্বামীকে ওই কাজে যেতে নিষেধ করলে সফিক ক্ষুব্ধ হন।

তিনি আরও জানান, শনিবার সকালে বাড়ির পাশের নদীতে বসানো একটি রিং জাল সফিক নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় সফিক তার স্বামীকে প্লাস্টিকের পাইপের ভেতরে লোহার রড ঢুকিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে বেলা ১১টার দিকে সফিক তার ভগ্নিপতি নূরে মাওলাকে সঙ্গে নিয়ে এসে আবারও হামলা চালান। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয় বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, সফিকের প্রজেক্টে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং সেখানে প্রায়ই মাদকসেবনের আসর বসে। একই সঙ্গে তিনি তার স্বামীকে দিয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনার অভিযোগও করেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মো. সফিক বলেন, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। কয়েক দিন আগে তার স্বামী তার বোনের ঘরের দরজা খোলার চেষ্টা করেন এবং মাছ চুরির ঘটনায় জড়িত ছিলেন বলে তিনি দাবি করেন। শনিবার সকালে জাল নিয়ে আসার সময় খুকি ও তার স্বামী তার ওপর হামলা চালান এবং এতে তিনি নাক ফেটে আহত হন বলেও জানান তিনি।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...