বিজ্ঞাপন
আজ রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা"য় এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।
সভার শুরুতে গোপালগঞ্জের নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির বিগত এপ্রিল মাসের সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও তার বাস্তবায়ন অগ্রগতি কমিটির সামনে তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার বক্তব্যে সংসদ সদস্য ডাঃ কে এম বাবর সদ্য সমাপ্ত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শহরের বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে সম্পন্ন করায় জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি মাদক নির্মূলে সংশ্লিষ্ট প্রশাসনকে আরও বেশি তৎপর হওয়ার দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি অত্যন্ত আনন্দের সাথে জানান, দেশব্যাপী যে ১০টি আইসিইউ কেন্দ্র আজ মাননীয় স্বাস্থ্য মন্ত্রী উদ্বোধন করেছেন, তার মধ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজের আইসিইউ সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।
এ সময় তিনি শহরের কালিবাড়ি সংলগ্ন পৌর ভূমি অফিসের পাঞ্জেগানা মসজিদটি নিয়ে কোনো ধরনের গুজব বা অপপ্রচার না ছড়াতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন, ওই মসজিদে পূর্বের ন্যায় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতারা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন। পরিশেষে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় গোপালগঞ্জকে একটি শান্তি ও সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তার বক্তব্যে বলেন, জেলায় মাদক সংক্রান্ত কিছু সমস্যা ও ছোটখাটো চুরি ছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এমনকি বিভাগীয় উচ্চপর্যায়ের সভায়ও গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা নিয়ে কোনো নেতিবাচক ইস্যু খুঁজে পাওয়া যায়নি।
তবে গত মে মাসে জেলায় মোট ২০ জনের মৃত্যুর তথ্য উল্লেখ করে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, এদের মধ্যে ১১ জন আত্মহত্যা করেছেন এবং বাকি ৯ জন বিভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বেশি বেশি কাউন্সিলিং করার জন্য তিনি অনুরোধ জানান। একই সাথে মাদক, জুয়া, ইভটিজিং সহ যেকোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ নকল মুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে কমিটির সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া কেন্দ্রীয় কালী মন্দির সংলগ্ন পৌর ভূমি অফিসের পাঞ্জেগানা মসজিদকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে বিষয়ে সাংবাদিকসহ সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি জেলার সর্বস্তরের মানুষকে সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে সহাবস্থানের অনুরোধ করেন।
মুক্ত আলোচনা সভায় সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন— জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করীম, জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এস. এম মওদুদ হোসেন রেন্টু, সরকারি কৌশলী অ্যাডভোকেট এম এ আলম সেলিম এবং মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, এনএসআই গোপালগঞ্জের উপ-পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, টুঙ্গিপাড়ার ইউএনও জহিরুল আলম, কাশিয়ানীর ইউএনও মোঃ শাহিন মিয়া, কোটালীপাড়ার ইউএনও সাগুফতা হক, মুকসুদপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, জেল সুপার মোহাম্মদ শাহ আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন, সহকারী কমিশনার এ কে এম ফয়জুল বারী উপস্থিত ছিলেন।
এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. মোঃ তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিবুল ইসলাম, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেনসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ সভায় অংশ নেন।
প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...