Logo Logo

মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা

গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ


Splash Image

মহাবিশ্বের উৎপত্তি, মহাকাশ গবেষণা, ব্ল্যাক হোল, আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে ভবিষ্যতের বিজ্ঞান—এসব জটিল ও কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে গোপালগঞ্জের তিন শতাধিক শিক্ষার্থীর সঙ্গে দীর্ঘ সময় ধরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমধর্মী এই বিজ্ঞান সংলাপে অংশ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা মহাবিশ্ব ও বিজ্ঞান সম্পর্কে তাদের কৌতূহল মেটানোর পাশাপাশি নানা প্রশ্ন করার সুযোগ পায়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ জুন) সকালে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে ‘মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক এই বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ শহরের যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির, সহকারী কমিশনার (শিক্ষানবিশ) রিহাব ইনাম এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি শংকর বিশ্বাস।

সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই সুদীর্ঘ সংলাপে জেলা প্রশাসক মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব, মহাকাশ অনুসন্ধান, বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক বৈশ্বিক অগ্রগতি এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার পর উন্মুক্ত পর্বে তিনি শিক্ষার্থীদের মনে জেগে ওঠা বিভিন্ন বৈজ্ঞানিক ও তাত্ত্বিক প্রশ্নের উত্তর দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, বর্তমান বিশ্ব সম্পূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার এবং অর্জিত জ্ঞানকে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

সংলাপে অংশ নেওয়া নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মণ্ডল তার অনুভূতি ব্যক্ত করে বলে, এ ধরনের আয়োজন আমাদের মতো শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে এত বিস্তারিত ও সহজ আলোচনা আগে কখনো শোনার সুযোগ হয়নি। এখান থেকে নতুন অনেক বিষয় জানতে পেরেছি, যা আমাদের বিজ্ঞানচর্চায় দারুণভাবে উৎসাহিত করবে।

আয়োজন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, আমাদের শিক্ষার্থীরা যাতে আধুনিক বিশ্বের গতিপ্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞানভিত্তিক চিন্তা ও নিয়মিত জ্ঞানচর্চা ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ ও সক্ষম করে তুলবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা এই ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন নিয়মিত করার জোরালো দাবি জানায়। তাদের মতে, শ্রেণিকক্ষের প্রথাগত পাঠ্যবইয়ের বাইরে বিজ্ঞানকে এত সহজ, প্রাণবন্ত ও আকর্ষণীয়ভাবে জানার এই সুযোগ তাদের চিন্তা জগতকে প্রসারিত করেছে এবং নতুন করে ভাবতে শিখিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...