Logo Logo

ঝালকাঠিতে বাসচাপায় স্কুলছাত্র রাফি নিহত, চালক-হেলপার আটক


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি:- ঝালকাঠি শহরে বাসচাপায় মো. রাফি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঝালকাঠি-খুলনা মহাসড়কের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাফি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে পৌর শহরের বিকনা নতুন স্টেডিয়াম রোড এলাকার বাসিন্দা ও প্রবাসী মো. সবুজ ডাকুয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার নৈকাঠি এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফি বাইসাইকেল চালিয়ে বাসন্ডা ব্রিজ অতিক্রম করছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা নিউ শাপলা পরিবহনের একটি লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে রাজাপুর মেডিকেল মোড় এলাকা থেকে বাসসহ চালক ও হেলপারকে আটক করে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, দুর্ঘটনায় নিহত রাফির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত নিউ শাপলা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, মেধাবী এই স্কুলছাত্রের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...