বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জামালগঞ্জ সংবাদদাতা মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগ-যুগান্তরের প্রতিনিধি মো. তাহের আহমেদ, সাংগঠনিক সম্পাদক নেহার দেবনাথ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খান, কার্যনির্বাহী সদস্য পারভেজ মোশারফ, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, খন্দকার শহীদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ভূমি অফিসের সেবার মান বৃদ্ধি, উপজেলা পরিষদ ও বিভিন্ন সরকারি দপ্তরে জনগণের সহজ ও স্বচ্ছ সেবা নিশ্চিতকরণ, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, মাদক প্রতিরোধ এবং জনসাধারণের ভোগান্তি লাঘবে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিকরা বলেন, স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তুলে ধরা হচ্ছে। এসব সমস্যা সমাধানে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ উপকৃত হবে।
এ সময় সাংবাদিকরা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে গণমাধ্যমের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের কল্যাণে প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জামালগঞ্জ উপজেলাকে আরও আধুনিক, উন্নত ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করা সম্ভব।
সভা শেষে জামালগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা তাঁর সফল কর্মজীবন এবং জামালগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...