Logo Logo

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী


Splash Image

রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল পৌনে ৩টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছয় দিনের সফরের অংশ হিসেবে তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়ায় অবস্থান করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফর করবেন। সফর শেষে আগামী ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা এই সফরকে ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পাবে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। এর মধ্যে প্রায় ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল অন্তর্ভুক্ত রয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...