Logo Logo

নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬


Splash Image

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছররা গুলিতে অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৭ জুন) দুপুরে গুলিবিদ্ধ দুজনকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়। এর আগে শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দেওটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেদ ও রেদোয়ানসহ কয়েকজন যুবক একটি দোকান থেকে সিগারেট কিনে ধূমপান করছিলেন। এ সময় এলাকার কয়েকজন মুরব্বি তাদের ধূমপানে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে দেওটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদের নেতৃত্বে একদল যুবক নাহিদ ও নাঈমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নাহিদ ও নাঈমসহ অন্তত ছয়জন ছররা গুলিতে আহত হন।

আহতদের মধ্যে আশিক ও নাহিদকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধূমপানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে পরদিন রাতে একপক্ষ এসে গুলি চালায়। গুলিবিদ্ধদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে একজনের পেট ও উরুতে গুলি লাগায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় রাশেদসহ ১২ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...