Logo Logo

হাটহাজারীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ, আটক ২


Splash Image

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা।


বিজ্ঞাপন


সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হাটহাজারী পৌরসভার ওয়ালটন শো-রুমের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)। এ সময় অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত একটি সিঙ্গেল মিনি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-২৩-০৮৬০) জব্দ করা হয়।

হাটহাজারী মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুপন নাথের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ট্রাকটি তল্লাশি করে ৪১টি ছালার বস্তার ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১ হাজার ২৩৮টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।

এছাড়া আরও সাতটি বস্তার ভেতর থেকে ২৪৬টি ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩৬ হাজার টাকা।

এসআই রুপন নাথ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়ের একটি চালান ওই সড়ক দিয়ে পাচার করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে অবৈধ পণ্যসহ দুই ব্যক্তিকে আটক এবং পণ্যবাহী ট্রাকটি জব্দ করা হয়।

এ ঘটনায় হাটহাজারী মডেল থানার এএসআই মো. এমরান হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি থানায় মামলা নম্বর-৩৪ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বলেন, “বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, অবৈধ পণ্য চোরাচালান ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...