বিজ্ঞাপন
আজ সোমবার (২৯ জুন) দুপুরে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর বিশেষ নির্দেশনায় ও থানার সকল পুলিশ সদস্যের উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অবসরে যাওয়া এসআই ছবির উদ্দিনের ওপর পুষ্পবর্ষণ করে থানা চত্বর থেকে সংবর্ধনা স্থলে নিয়ে আসেন সহকর্মীরা। এ সময় সহকর্মীদের ভালোবাসায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে বিদায়ী এই পুলিশ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের অতিথি গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে চড়ে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ার নিজ গ্রামে ফেরেন তিনি।
এসআই ছবির উদ্দিন সিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামের মরহুম ছাদেক আলী সিকদারের ছেলে। ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে কনস্টেবল পদে যোগদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশে তাঁর চাকরি জীবন শুরু হয়। দীর্ঘ ৩৭ বছরের চাকরি জীবনে তিনি দেশের বিভিন্ন জেলা ও থানায় অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
বিদায়বেলায় আপ্লুত কণ্ঠে এসআই ছবির উদ্দিন শিকদার বলেন, “বিদায় বেলায় সহকর্মীদের কাছ থেকে যে অভূতপূর্ব সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছি, তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তাদের এই অকৃত্রিম ভালোবাসা আমার চোখে জল এনে দিয়েছে। দীর্ঘ কর্মজীবনে সবার মনের মধ্যে একটু জায়গা করে নিতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। বিশেষ করে ওসি স্যারের একান্ত প্রচেষ্টা ও আন্তরিকতার কারণেই বিদায় বেলায় আমি এতটা সম্মান ও মর্যাদা পেলাম।”
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী তাঁর বক্তব্যে বলেন, “এসআই ছবির উদ্দিন শিকদার আমাদের পুলিশ পরিবারের একজন অত্যন্ত দক্ষ ও সিনিয়র সদস্য ছিলেন। আজ তিনি আমাদের থানা থেকে অবসরে যাচ্ছেন। দীর্ঘ ৩৭টি বছর তিনি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর বাকি জীবন পরিবার-পরিজন নিয়ে সুস্থ ও সুখ-শান্তিতে কাটুক, আমরা সেই প্রার্থনাই করি।”
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বিদায়ী কর্মকর্তার মূল্যায়ন করে বলেন, “এসআই ছবির উদ্দিন শিকদারের চাকরি জীবনের শেষ দিনে টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে এই চমৎকার আয়োজনটি করা হয়েছে। তিনি তাঁর দীর্ঘ চাকরিজীবনে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে জনগনের সেবায় কাজ করেছেন। তাঁর এই অবদানের জন্য গোপালগঞ্জ জেলা পুলিশ তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...