Logo Logo

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, আহত স্বামী


Splash Image

দিনাজপুরের বীরগঞ্জে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক, নিহত নারীর স্বামী মো. নাজমুল ইসলাম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড় এলাকায় হাইওয়ে সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহারোল উপজেলার মালগ্রাম এলাকার বাসিন্দা মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের তিন বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ।

পুলিশ সূত্রে জানা গেছে, নাজমুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে নেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের উত্তর গড়েয়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচপীর মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে মোটরসাইকেলের চালক নাজমুল ইসলাম সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। এ সময় তার স্ত্রী ফাহিমা আক্তার ও শিশু সন্তান আব্দুল্লাহ সড়কে পড়ে গেলে পিকআপটি তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বীরগঞ্জ থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত ও নিহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমা আক্তার ও তার ছেলে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত নাজমুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। যেহেতু দুর্ঘটনাটি হাইওয়ে সড়কে ঘটেছে, তাই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছে হাইওয়ে পুলিশ। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মোহন্তও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...