Logo Logo

শিবচরে বন্যার আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত


Splash Image

প্রমত্তা পদ্মা এবং আড়িয়াল খাঁ নদী বেষ্টিত এক অনন্য সুন্দর উপজেলা শিবচর। মাদারীপুর জেলার এই উপজেলার নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষকে প্রতি বছরই বন্যার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। এই বাস্তবতাকে সামনে রেখে শিবচরে পদ্মা অববাহিকায় বন্যার পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচির আওতায় বন্যা প্রস্তুতি ও জন-সচেতনতামূলক ‘পদ্মা পাড়ের জীবন যুদ্ধ’ শিরোনামে একটি বিশেষ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এই সচেতনতামূলক মহড়াটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সহযোগিতায় এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর বাস্তবায়নে এই বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়ার সার্বিক কার্যক্রম পরিচালিত হয়। মহড়ায় বন্যায় করণীয় বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বন্যা আশ্রয় কেন্দ্র, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন কেন্দ্র, গবাদি পশুর জন্য প্রাণী সম্পদ আশ্রয়, জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং অভিযোগ ও পরামর্শ কেন্দ্রসহ জনসচেতনতামূলক বিভিন্ন স্টল স্থাপন করা হয়। একই সঙ্গে সেখানে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি বিশেষ সভাও অনুষ্ঠিত হয়।

উক্ত মাঠ মহড়ায় উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার ঘোষ, ডব্লিউএফপি (WFP)-এর খুলনা অঞ্চলের প্রোগ্রাম অ্যাসোসিয়েট তাসনীম তাবাসসুম, প্রকল্প সমন্বয়কারী (এসআরএসপি) জনাব মাহফুজুল হক এবং কাঁঠালবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদ আহমেদ সৈয়দ বেপারী।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবে বন্যার ঝুঁকি দিন দিন আরও বাড়ছে। তাই যেকোনো দুর্যোগের আগে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই ধরনের নিয়মিত মহড়া স্থানীয় জনগণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগকালীন জানমাল ও জীবিকার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাহফুজ আলমের গল্প অবলম্বনে এবং মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় মহড়াটি সফলভাবে অনুষ্ঠিত হয়। মাঠ মহড়াটি পরিবেশন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন 'অদিতি শিল্পীগোষ্ঠী'। এর পাণ্ডুলিপি ও নির্দেশনায় ছিলেন মনোজ মণ্ডল। মহড়ায় এসডিএসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...