Logo Logo

গোপালগঞ্জজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ


Splash Image

গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলাজুড়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহার দেশীয় প্রজাতির মাছের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জেলার বিভিন্ন নদী, খাল-বিল ও জলাশয়ে এ জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় মৎস্যসম্পদ সংরক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


বিজ্ঞাপন


জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সিঙ্গা, সাতপাড়া, রাধাগঞ্জ, কলাবাড়ি, জলিরপাড়, হাতিয়াড়া ও উজানীসহ বিভিন্ন ইউনিয়নে চায়না দুয়ারী জালের ব্যবহার ব্যাপকভাবে চলছে।

স্থানীয়দের অভিযোগ, এ জালের মাধ্যমে ছোট মাছ, মাছের পোনা এবং বিভিন্ন দেশীয় জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ছে। ফলে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার ব্যাহত হচ্ছে এবং দেশীয় মাছের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, চায়না দুয়ারী জালের আমদানি, বিক্রি ও ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলে এর অপব্যবহার অনেকাংশে কমানো সম্ভব হবে। একই সঙ্গে নিয়মিত অভিযান, আইন প্রয়োগ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

প্রতিবছর স্থানীয় প্রশাসন কয়েক দফা অভিযান পরিচালনা করলেও স্থায়ীভাবে এ জালের ব্যবহার বন্ধ করা সম্ভব হচ্ছে না। মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, জেলেসমাজ এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের মতে, সময়মতো কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে দেশীয় মাছের বৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্যসম্পদ আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...