Logo Logo

পাইকগাছায় ছেলে কারাগারে যাওয়ার খবরে বৃদ্ধার মৃত্যু


Splash Image

খুলনার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার পাল্টা হিসেবে দায়ের করা ঘর পোড়ানোর মামলায় ছেলের কারাগারে যাওয়ার খবর জানার পর ছবিরন বেগম (৭৫) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিদাসপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃত ছবিরন বেগম উপজেলার কালিদাসপুর গ্রামের মৃত আনার সরদারের স্ত্রী। পরিবারের দাবি, ছেলে সালাম সরদার কারাগারে যাওয়ার সংবাদে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে স্ট্রোক করে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ৭ জুন কালিদাসপুর গ্রামের হাসান সরদারকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে এই হত্যা মামলার কাউন্টার হিসেবে আসামিপক্ষরা নিজেরা নিজেদের ঘর পুড়িয়ে নিহত হাসানের পরিবারের সদস্যসহ ১২ জনের নামে গত ১৪ জুন দুটি পাল্টা মামলা দায়ের করে। যার বাদী হলেন হত্যা মামলার প্রধান আসামির ভাই মিলন এবং ২ নম্বর আসামি কুদ্দুসের স্ত্রী পারভীন আক্তার।

মামলার পরিপ্রেক্ষিতে গত ২ জুলাই সালাম সরদারসহ কয়েকজন আসামি আদালতে জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মৃত ছবিরন বেগমের দেবর মজিদ সরদার বলেন, হাসান হত্যা মামলার পর দায়ের করা পাল্টা মামলায় সালাম সরদার জেলে যাওয়ার খবর শুনে তার মা প্রচণ্ড মানসিক আঘাত পান। এরপর বুধবার সন্ধ্যায় তিনি স্ট্রোক করে মারা যান।

সালাম সরদারের স্ত্রী আনজু বেগমও বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী কারাগারে যাওয়ার খবর জানার পর থেকেই শাশুড়ি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। বুধবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি মারা যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...