বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে শিবচর পৌরসভার মাছ বাজারে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন শিবচর পৌরসভার পৌর প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানা।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন— আপন (২২) ও আলমগীর (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক ক্রেতা শিবচর পৌরবাজার থেকে শিং মাছ কিনে বাড়ি নিয়ে যাওয়ার পর মাছ কাটার সময় এর গায়ে ক্ষতিকর কৃত্রিম রং মেশানো রয়েছে বলে সন্দেহ করেন। সাধারণ শিং মাছের মতো দেখাতে মাছে কৃত্রিম রং ব্যবহার করা হয়েছে বলে ধারণা হলে তিনি দ্রুত উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
ক্রেতার দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানার নেতৃত্বে তাৎক্ষণিকভাবে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাতেনাতে কৃত্রিম রং মেশানো শিং মাছসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ড কার্যকরের জন্য তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানা সাংবাদিকদের জানান, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় শিং মাছে কৃত্রিম রং ব্যবহার করছিল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভেজাল খাদ্য বিক্রি প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, খাদ্যে ভেজাল বা ক্ষতিকর উপাদান ব্যবহার করে জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...