বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টার পর শহরের থানতলী এলাকার কুয়েত প্রবাসী জাহিদ খানের বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। পরিবারের দাবি, চোরেরা ঘরের মধ্যে চেতনানাশক জাতীয় পাউডার ছিটিয়ে স্টিলের আলমারির তালা খুলে সেখানে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
রোববার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে জাহিদ খানের বাবা আবদুল জলিল খা চুরির বিষয়টি টের পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হয়ে মাদারীপুর সদর থানায় খবর দেন। খবর পেয়ে চরমুগরিয়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত ও আলামত সংগ্রহ করে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আবদুল জলিল খা বলেন, “রাতে কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে ঘুমের পাউডার ছিটিয়ে সবকিছু নিয়ে গেছে। আমার ছেলে প্রায় ৩০ বছর ধরে কুয়েতে কঠোর পরিশ্রম করে উপার্জনের টাকা দেশে পাঠায়। সেই কষ্টের জমানো অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। আমরা চাই পুলিশ দ্রুত চোরদের গ্রেপ্তার করে চুরি হওয়া মালামাল উদ্ধার করুক।”
এদিকে, চুরির ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় রাতের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...