Logo Logo

বিষাক্ত সাপের কামড়ে বীরগঞ্জে জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু


Splash Image

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মো. জাকিরুল ইসলাম আলম (৪২) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


নিহত জাকিরুল ইসলাম আলম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) গভীর রাতে নিজ বাড়িতে জাকিরুল ইসলাম আলমকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রাশেদুন নবী জানান, সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জাকিরুল ইসলাম আলমকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোববার সকালে তিনি ইন্তেকাল করেন।

নিহতের মামাতো ভাই মাওলানা রবিউল ইসলাম জানান, ঘটনার আগের দিন ১১ দলের রংপুর বিভাগীয় মহাসমাবেশ নিয়ে জাকিরুল ইসলামের সঙ্গে তার কথা হয়েছিল। তিনি নিজে যেতে না পারলেও নিজের খরচে অন্যদের সমাবেশে পাঠিয়েছিলেন। দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ এই মানুষটি মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মেয়ের বিয়ে হয়েছে এবং ছেলে বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

এদিকে নিহত জামায়াত নেতার পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম হয়রানির অভিযোগ তোলা হয়েছে। স্বজনদের দাবি, মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে পুলিশ কেস হিসেবে উল্লেখ করে তাদের নানাভাবে হয়রানি করে। পরবর্তীতে থানায় যোগাযোগ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে তাদের দীর্ঘ সময় অপচয় এবং চরম ভোগান্তির শিকার হতে হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজু জানান, রোগীকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছিল। তবে দূরবর্তী এলাকা থেকে আনায় হাসপাতালে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। বিষাক্ত সাপের কামড়ের ক্ষেত্রে দেরি হলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে চিকিৎসা জটিল হয়ে যায় এবং মৃত্যুঝুঁকি বাড়ে বলে তিনি উল্লেখ করেন।

জাকিরুল ইসলাম আলমের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...