বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে কবিরাজহাট বাজার এলাকায় স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, হাজীপাড়া এলাকায় আব্দুল মান্নান, শেরু কসাই, কিশোর গ্যাং লিডার হৃদয়, রিপনসহ কয়েকজন দুষ্কৃতিকারী সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। পাশাপাশি নারী সদস্যদের লাঞ্ছিত করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মাওলানা লোমান সিদ্দিকী, মো. ওয়াজ কুরুনী, সজিব ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. আলামিন ইসলাম, আছিয়া খাতুনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিছু সন্ত্রাসী ও দুষ্কৃতিকারী এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে আসছে। তাদের হামলা ও ভয়ভীতির কারণে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা-বাণিজ্য কিংবা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, এলাকায় সাধারণ মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের হামলা, ভাঙচুর ও নারী লাঞ্ছনার ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কঠোর নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...