Logo Logo

সোনাগাজীতে হঠাৎ টর্নেডোয় ৩৫ পরিবার লন্ডভন্ড


Splash Image

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে মাত্র ৪০ সেকেন্ডের আকস্মিক টর্নেডোতে অন্তত ৩৫টি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়। আকস্মিক এই দুর্যোগে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বিকট শব্দের সঙ্গে প্রবল ঘূর্ণিঝড়ের মতো টর্নেডো বয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে, শতাধিক গাছপালা উপড়ে যায় এবং প্রায় ২০টি ছোট-বড় বসতঘর আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও ছিটকে যায়।

ক্ষতিগ্রস্তদের দাবি, এই টর্নেডোতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবারের বসবাসের ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা এখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। হঠাৎ করে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ধ্বংস হয়ে যাওয়ায় এলাকায় হতাশা ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, “আমার বয়স ৭০ বছর। জীবনে এমন ভয়াবহ টর্নেডো আর দেখিনি। মনে হয়েছে মুহূর্তের মধ্যে যেন কেয়ামত নেমে এসেছে।”

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশা সরেজমিনে দেখেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বলেন, তিনি টর্নেডোর ঘটনায় ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...