Logo Logo

ফেনীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার


Splash Image

ফেনী সদর উপজেলার এসএসকে রোডের ইসমাইল ম্যানশনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।


বিজ্ঞাপন


রোববার (১৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ বিশেষ অভিযানে ফেনী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল ইসমাইল ম্যানশনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানের সময় সেখানে জুয়া খেলা চলছিল বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ সূত্র জানায়, ফেনী জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৫ জনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের জুয়া খেলায় লিপ্ত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— আনোয়ার হোসেন (৬০), মো. আইয়ুব (৬১), সুজন মেহেদী (৩৮), আব্দুল সাত্তার ভুঁইয়া রাসেল (৪৪), মেহদী রুবেল (২৮), ওসমান গণি (৩৫), হুমায়ুন কবির সেলিম (৪৮), আনোয়ার হোসেন (৪৫), শাহাদাত হোসেন (২৯), ইব্রাহিম (৩৯), মো. রিমন (২২), মো. রুবেল (২৪), আব্দুল হাকিম (৩০), মফিজুর রহমান (৫৪) এবং নিখিল মন্ডল (৪৫)। তাদের মধ্যে অধিকাংশই ফেনী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া কুমিল্লা ও গোপালগঞ্জ জেলার বাসিন্দাও রয়েছেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে জুয়ার আসর বসার বিষয়ে তথ্য সংগ্রহের পর পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়া খেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...