Logo Logo

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা

জনগণের কল্যাণে দৃশ্যমান ফল দিচ্ছে সরকারের ধারাবাহিক উদ্যোগ


Splash Image

সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‍“জনগণের জীবনমান উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক উদ্যোগ বিভিন্ন খাতে ইতোমধ্যে দৃশ্যমান ফল দিচ্ছে। স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি, শিক্ষা, যোগাযোগ, আইনশৃঙ্খলা, যুব উন্নয়ন, প্রবাসী কল্যাণ ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।”


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।

উপদেষ্টা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমের ফলে চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক কাজ করছে।

তিনি বলেন, “দেশের সরকারি খাদ্যগুদামে বর্তমানে ২৩ লাখ ৮৭ হাজার ৫৪৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নতুন প্রবিধান জারি এবং ভেজালবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।”

ডা. জাহেদ উর রহমান বলেন, “জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য ১৪টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে নতুন গ্যাসকূপ খননের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর কার্যক্রম এগিয়ে চলছে।”

তিনি আরো বলেন, “২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব সরাসরি ফিফার কাছ থেকে কেনা এবং সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে সরকারের ব্যয় প্রায় শূন্যের পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এতে জনগণের করের অর্থ সাশ্রয় হয়েছে।”

ব্রিফিংয়ে জানানো হয়, আগস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু হবে। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে কার্ড বিতরণ করা হবে এবং এতে প্রবাসীরা ১০টি বিশেষ সুবিধা পাবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে উপদেষ্টা বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ৬৪ জেলার ১১ হাজার ২০০ যুবক-যুবতীকে দক্ষ করে তোলা হবে। পাশাপাশি আর্ন প্রকল্পের আওতায় ৯ লাখ নীট (শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণে নেই) তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের আওতায় আনার উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।”

তিনি বলেন, “স্থানীয় সরকার, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, রেলপথ, নৌপরিবহন, শ্রম, নারী ও শিশু, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো জনগণকে আরো কার্যকর সেবা দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো এবং দেশের সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করা।”

ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...