Logo Logo

কবিরহাট থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু


Splash Image

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো. সফি উল্যাহ (৬০) নামের এক পথচারী কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম।

এর আগে, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট থানার সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজ শেষে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে অবস্থান করছিলেন সফি উল্যাহ। রাত সাড়ে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় কবিরহাটগামী একটি দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু ঘটে।

এদিকে ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক অটোরিকশাসহ চালক মো. ইউসুফকে (২৭) আটক করেছে। আটক চালক ইউসুফ কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।

কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম জানান, চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...