বিজ্ঞাপন
নিহত দুই শিশু হলো মৌশা গ্রামের আমিনুর রহমানের তিন বছর বয়সী মেয়ে রাফিয়া এবং তার আপন ভাই আলিনুরের দুই বছর বয়সী মেয়ে রাইসা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল রাফিয়া ও রাইসা। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ছোট্ট রাইসা পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় তাকে ডুবে যেতে দেখে বড় বোন রাফিয়া কোনো কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় সেও পানির নিচে তলিয়ে যায়।
অনেকক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একই এলাকার বাসিন্দা আব্দুল আলিম জানান, “একসঙ্গে দুই নিষ্পাপ শিশুর মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। সকাল থেকে গ্রামের মানুষজন শোকে স্তব্ধ হয়ে আছে। পরিবারের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।”
মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
মোহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ঘটনাটি প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর বলে জানা গেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।”
এদিকে দুই শিশুর আকস্মিক মৃত্যুতে মৌশা গ্রামে নেমে এসেছে গভীর শোক। শিশুদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্য, ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনের প্রাণ বিসর্জনের এই ঘটনা গ্রামের মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেদনার স্মৃতি হয়ে থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...