Logo Logo

বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী


Splash Image

বাংলাদেশের সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি ও রোবোটিক্স খাতের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচনে রাজধানীতে শুরু হয়েছে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’।


বিজ্ঞাপন


শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে আয়োজিত এই আন্তর্জাতিক সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দেশ-বিদেশের নীতিনির্ধারক, শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। দু’দিনের এই সম্মেলনে মোট ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং আকর্ষণীয় প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সামিটে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই ও পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসসহ শীর্ষপর্যায়ের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মূল বক্তা হিসেবে উপস্থিত থাকছেন। তাছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের আন্তর্জাতিক প্রতিনিধিরাও এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

মূল সামিটের পাশাপাশি 'বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬' শীর্ষক প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যেখানে শিক্ষার্থী ও উদীয়মান স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, এআই, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি ও বিভিন্ন ডিপ-টেকভিত্তিক মোট ৩৫টি স্টলে আধুনিক উদ্ভাবনসমূহ প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...