Logo Logo

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি


Splash Image

নোয়াখালীতে আয়োজিত এক বিশাল ইসলামী মহাসমাবেশে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের সমাগমে ‘হিজবুত তাওহীদ’কে একটি ঈমান বিধ্বংসী ও চরমপন্থী সংগঠন হিসেবে অভিহিত করে সরকারিভাবে তা নিষিদ্ধের তীব্র দাবি জানানো হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১ আগস্ট) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে 'জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর' এবং 'ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি'র যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অভিযোগ করে বলেন, "সেবামূলক কর্মকাণ্ডের আড়ালে হিজবুত তাওহীদ সূক্ষ্ম কৌশলে অগণিত মুসলমানের ঈমান বিনষ্ট করছে।" তিনি আরও বলেন, এর ফলে দেশের হক্কানি ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার চেতনা ক্ষত-বিক্ষত হচ্ছে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এবং দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে। তাদের ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নের তৎপরতা জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি অনতিবিলম্বে ‘হিজবুত তাওহীদ’কে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণার আহ্বান জানান।

সমাবেশের দুই অধিবেশনে যথাক্রমে জমাইয়াতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান ও হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার আমির মাওলানা নিজাম উদ্দিন সভাপতিত্ব করেন। মুফতি মুঈনুদ্দিন তৈয়বপুরী ও মাওলানা মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য শীর্ষ আলেমদের মধ্যে বক্তব্য রাখেন— জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী, খতমে নবুওত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানী, জামেয়া ওবায়দিয়া নানুপুরের মুহতামিম আল্লামা সালাউদ্দিন নানুপুরী, ইসলামী মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব শায়খ সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, মাওলানা আজিজুল্লাহ নবাব, মাওলানা সিদ্দিক আহমদ নোমান ও মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

মহাসমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ এবং স্থানীয় ব্যবসায়ী নেতা মো. ইকরাম উল্লাহ ডিপটি সহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের শীর্ষ প্রতিনিধিবৃন্দ।

মহাসমাবেশ থেকে সরকারের প্রতি বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে— অনতিবিলম্বে হিজবুত তাওহীদের সার্বিক কার্যক্রম ও তাদের প্রকাশিত সকল বই-পুস্তক, সংবাদপত্র ও অনলাইন ওয়েবসাইট বন্ধ করা, দেশবিরোধী অর্থায়নে পরিচালিত তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাজেয়াপ্ত করা এবং বিভিন্ন সময় নিরীহ ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে সংগঠনটির দায়ের করা সকল হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা।

ঘোষিত দাবি আদায়ে ওলামায়ে কেরাম ও সাধারণ তাওহিদী জনতার সমন্বয়ে দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান, সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সংগঠনটির প্রকৃত স্বরূপ উন্মোচনে পর্যায়ক্রমে সেমিনার, মতবিনিময় সভা ও ওয়াজ মাহফিলসহ ধারাবাহিক নানা কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...