Logo Logo

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, এবার উত্তাল ভারতের ঝাড়খণ্ড


Splash Image

ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে টানা ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা। ক্রমেই বিস্তৃত হওয়া এ আন্দোলনে এবার সমর্থন জানিয়েছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনটি ইতোমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শত শত আন্দোলনকারী অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

গত ৫ জুলাই ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই চাকরিপ্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামেন। এরপর থেকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে তারা দিন-রাত অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ চালিয়ে আসছেন।

আন্দোলনের তীব্রতা বাড়তে থাকায় শেষ পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন রাজ্য সরকার।

বুধবার রাঁচির মহকুমা কর্মকর্তা (এসডিও) কুমার রজত আন্দোলনস্থল পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে আলোচনার আগ্রহের কথা জানান। এ লক্ষ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে পাঁচ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দলও গঠন করা হয়েছে।

সরকার জানিয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এসডিও কুমার রজত জানান, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগগুলো ইতোমধ্যে তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে।

তবে শিক্ষার্থীরা রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, পুরো আলোচনা প্রক্রিয়া প্রকাশ্যে এবং স্বচ্ছভাবে পরিচালিত হতে হবে। সরকারের সঙ্গে যেকোনো বৈঠক গণমাধ্যম ও ক্যামেরার উপস্থিতিতে অনুষ্ঠিত হলেই তারা আলোচনায় অংশ নেবেন।

এদিকে আন্দোলনকারীরা নিয়োগ পরীক্ষায় অনিয়মের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। যদিও রাজ্য সরকার বলছে, রাজ্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএলের হিসাবরক্ষক রক্ষক সিংকে লখনউ থেকে গ্রেপ্তার করে রাঁচিতে নিয়ে আসে সিআইডি। তিনি পরীক্ষা পরিচালনাকারী সংস্থার সদস্য ছিলেন। একই মামলায় সিআইডি আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, নিয়োগসংক্রান্ত অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) কাজ করছে। তদন্তের অংশ হিসেবে ডিজিটাল রেকর্ড, আবেদনপত্রের তালিকা এবং সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে, বুধবার ঝাড়খণ্ডের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে নিজ শহরে সিজেপির কোর টিমের বৈঠকের আগে তিনি বলেন, সিজেপির সদস্যরা চাকরিপ্রার্থীদের সমর্থন জানাতে ঝাড়খণ্ডে যাবেন।

অভিজিৎ দীপকের ভাষ্য, দেশের মানুষ বিচার বিভাগ, রাজনীতি, গণমাধ্যম এবং নির্বাচন কমিশনের ওপর আস্থা হারাতে শুরু করেছে। তাদের আন্দোলন ইতোমধ্যে দেশজুড়ে সমর্থন পেয়েছে এবং সেই সমর্থন এখন শুধু শিক্ষা-সংক্রান্ত বিষয়েই সীমাবদ্ধ নেই; বিভিন্ন প্রাতিষ্ঠানিক জবাবদিহির দাবিও এর সঙ্গে যুক্ত হয়েছে। তাই এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে একটি কার্যকর ‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী’ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

সূত্র : এনডিটিভি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...