Logo Logo

লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতন

৪০ লক্ষ টাকা দিয়েও শেষ রক্ষা হলো না ইকবালের, পরিবারে শোকের মাতম


Splash Image

মাদারীপুরের শিবচরে ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও শেষ পর্যন্ত দালালের প্রতারণা ও লিবিয়ার মাফিয়া চক্রের নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী তরুণ ইকবাল মাদবর। পরিবারের মুখে হাসি ফোটানোর আশা নিয়ে বিদেশযাত্রা শুরু করলেও সেই স্বপ্ন শেষ হয়েছে এক মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে।


বিজ্ঞাপন


গতকাল বুধবার (৫ আগস্ট) মধ্যরাতে শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর গ্রামের নিজ বাড়িতে ইকবালের মৃত্যুর খবর পৌঁছালে পরিবারজুড়ে নেমে আসে শোকের ছায়া। নিহত ইকবাল মাদবর ওই গ্রামের মোতালেব মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারেরচর গ্রামের বাসিন্দা ইকবাল মাদবর পাশের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের সাগর নামের এক দালালের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। ২২ লাখ টাকার চুক্তিতে নিরাপদে ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তাঁকে ইতালির পরিবর্তে লিবিয়ায় নিয়ে গিয়ে মাফিয়া চক্রের কাছে জিম্মি করে রাখা হয়।

পরিবারের অভিযোগ, জিম্মি অবস্থায় ইকবালের জীবন রক্ষা এবং তাঁকে ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে কয়েক দফায় প্রায় ১৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। কিন্তু এত টাকা দেওয়ার পরও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। বরং আরও অতিরিক্ত অর্থ আদায়ের লক্ষ্যে মাফিয়া চক্র ও সংশ্লিষ্ট দালালরা ইকবালের ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালায়।

স্বজনদের দাবি, দীর্ঘদিনের নির্যাতনে ইকবাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে ৫ আগস্ট মধ্যরাতে তাঁর মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। এই সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং পরিবার-পরিজন ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, “অবৈধভাবে বিদেশ গমন ব্যক্তি, পরিবার ও দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে উপজেলা প্রশাসন জনসচেতনতা বৃদ্ধি এবং দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্বদা সচেষ্ট আছে। অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সর্বোপরি সাধারণ জনগণের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে কাজ করা প্রয়োজন।”

এদিকে, ইকবালের পরিবার ও এলাকাবাসী অভিযুক্ত মানবপাচারকারী সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে আর কোনো তরুণ বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে এভাবে প্রাণ হারাবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...