বিজ্ঞাপন
গুদামে সংরক্ষিত চাল সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি বলেন, বর্তমানে মজুত চালের মান সন্তোষজনক। তবে অভিযোগের প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত হবে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি ঝালকাঠি গ্রেড-১ এলএসডি খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শফি উদ্দিন আহম্মদ, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) আব্দুল্লাহ আল মামুন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার এবং জেলা যুবদলের আহ্বায়ক মো. শামিম তালুকদার উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় গুদামে সংরক্ষিত চালের বস্তা খুলে নমুনা পরীক্ষা করেন এসএম জিয়া উদ্দিন হায়দার। পরে সাংবাদিকদের তিনি বলেন, “ঝালকাঠি গ্রেড-১ এলএসডি খাদ্য গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহ করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতেই আমরা সরেজমিনে এসেছি। অভিযোগটি বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি ব্যবস্থাপনার দুর্বলতা—সেটিই আমরা যাচাই করছি।”
তিনি বলেন, “যদি দেখা যায় এটি ব্যবস্থাগত ত্রুটি, তাহলে দ্রুত সেই সমস্যা দূর করতে হবে। আর যদি কোনো কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অবহেলা কিংবা অনিয়মের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য সহায়তার মতো গুরুত্বপূর্ণ খাতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”
সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা মানুষের জীবনমান উন্নয়নের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়—এমন কোনো পরিস্থিতি আমরা মেনে নেব না। অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হবে।”
পরিদর্শন শেষে তিনি জানান, বর্তমানে গুদামে সংরক্ষিত চালের মান ভালো এবং সন্তোষজনক। তবে ভবিষ্যতেও যেন একই মান বজায় থাকে এবং বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এসএম জিয়া উদ্দিন হায়দার বলেন, অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়ম কিংবা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থায় আরও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...