Logo Logo

নোয়াখালীতে পুকুরে শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু


Splash Image

নোয়াখালীর কবিরহাটে পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে কুলসুম আক্তার লাকী (৩৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় রামদেবপুর গ্রামের আমিন উল্যাহ টেন্ডল বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম আক্তার লাকী ওই বাড়ির তাহেরের মেয়ে। তিনি তিন সন্তানের জননী ছিলেন। স্বামী বেচু ও তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন কুলসুম। একপর্যায়ে শাক ধোয়ার জন্য বাড়ির পাশের পুকুরঘাটে যান তিনি। সেখানে শাক ধোয়ার সময় হঠাৎ ঘাট থেকে পানিতে পড়ে ডুবে যান কুলসুম।

পরে স্বজনরা পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরিবারের সদস্যদের দাবি, কুলসুম আক্তার লাকী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণে তিনি পানিতে পড়ে যেতে পারেন।

ঘটনার খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...