বিজ্ঞাপন
ফেনীতে গৃহকর্মী প্রিয়া হত্যার বিচার ও শিক্ষিকার ফাঁসির দাবিতে মানববন্ধন
ফেনীর পরশুরামে ১৪ বছর বয়সী কিশোরী গৃহকর্মী ফারজানা আক্তার প্রিয়া হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তার তিমুর দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় নাগরিক ও মানবাধিকার কর্মীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের কঠোর শাস্তির দাবিতে শনিবার (৮ আগস্ট) দুপুরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ মানবাধিকার সম্মিলন (বামাস) ফেনী জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন কোমলমতি গৃহকর্মীর ওপর নৃশংস নির্যাতন ও তার রহস্যজনক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে এবং অভিযুক্তদের অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত শিক্ষিকা জাহেদা আক্তার তিমুকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
সাম্প্রতিক সময়ে গৃহকর্মী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রিয়া হত্যার সঠিক তদন্ত ও আসামিদের শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
বাংলাদেশ মানবাধিকার সম্মিলনের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন দৈনিক স্টার লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার জুবায়ের আল মুজাহিদ। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলার সভাপতি শুকদেব নাথ তপন, বামাস-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জসিম মাহমুদ, ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলার সভাপতি ও দৈনিক অজেয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, এবং ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক বণিক বার্তার ফেনী প্রতিনিধি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নূর উল্যাহ কায়সার, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জহিরুল হক মিলন, ছাত্রদল নেতা খোকন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এমরান পাটোয়ারী, কালবেলার পরশুরাম প্রতিনিধি আবু ইউছুপ মিন্টু, বাংলা এডিশনের জেলা প্রতিনিধি রহিম আলী জাবেদ, মো. শাহাদাত সাজু, দৈনিক ফেনীর সময়-এর মাল্টিমিডিয়া রিপোর্টার শহীদুল ইসলাম ও মো. ইসমাইলসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় সাধারণ মানুষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...