বিজ্ঞাপন
রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের মৃত শফি উল্যার ছেলে ছেরাজল হক চৌধুরী (৬৩), একই গ্রামের আজিজুল হকের ছেলে মেহেদী হাসান হৃদয় (২০), মো. বাহারের ছেলে মো. ফারুক হোসেন (১৮) এবং মো. খোকনের ছেলে মো. নাজিম (১৮)। পুলিশ জানিয়েছে, আটক চারজনই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ জুন জুমার নামাজ শেষে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে প্রায় তিন হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুরো উপজেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এরপর পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। রোববার গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন জামিনে কারাগার থেকে মুক্তি পান। তাদের মুক্তির খবর পেয়ে কয়েকজন নেতাকর্মী এক ব্যাগ ফুলের মালা নিয়ে নোয়াখালী জেলা কারাগারের ফটকে অবস্থান নেন।
বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে ফুলের মালাসহ চারজনকে আটক করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, স্বজনেরা ফুলের মালা নিয়ে আসতে পারেন। তবে আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজন নন। তারা বিভিন্ন এলাকা থেকে এসে ছবি তুলে শোডাউন করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...