বিজ্ঞাপন
গতকাল সোমবার (১৭ আগস্ট) ঐতিহ্যবাহী সংগঠন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
স্মারকলিপিতে সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম ও হত্যা বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়।
হস্তান্তরকালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান বলেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু বর্তমানে দেশে সাংবাদিকদের ওপর যে নির্যাতন, গুম, হত্যা ও মিথ্যা মামলার হয়রানি চলছে, তা স্বাধীন সাংবাদিকতার মূল অন্তরায়। অনতিবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি সব ধরনের কালো আইন বাতিলের আহ্বান জানান তিনি।
সংগঠনের সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব মন্তব্য করেন, সত্য প্রকাশে সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা বন্ধ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তাই কাল্পনিক ও হয়রানিমূলক সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি।
সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা মামলা, হামলা ও জেল-জুলুমের শিকার হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। কারাবন্দি সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দিয়ে স্বাধীনভাবে কাজ করার আইনি ও সামাজিক পরিবেশ তৈরি করার জোর তাগিদ দেন তিনি।
ইউনাইটেড প্রেসক্লাবের পক্ষ থেকে স্মারকলিপিতে ৫টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়:
১. সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম ও হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২. সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সব রাজনৈতিক, কাল্পনিক ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা।
৩. পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেপ্তারকৃত ও কারাবন্দি সকল সাংবাদিককে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া।
৪. কর্মক্ষেত্রে সাংবাদিকদের জানমালের নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজ করার আইনি ও সামাজিক পরিবেশ নিশ্চিত করা।
৫. গণমাধ্যম দমনমূলক সব ধরনের কালো আইন বাতিল বা সংশোধন করা।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
স্মারকলিপির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আইনমন্ত্রীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের কাছে প্রেরণ করা হয়েছে।
এ সময় ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের যুগ্ম-সম্পাদক কবির আহমেদ মানিক, মাহমুদ হায়দার জীবন, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক অলি চৌধুরী এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মানসহ অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...