Logo Logo

রাজবাড়ীর শিক্ষার্থী রিপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


Splash Image

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


বিজ্ঞাপন


সোমবার (৩১ আগস্ট) র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এডি মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহযোগিতায় নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-১০। এ সময় র‍্যাব-৬ এর সহায়তায় সাজাপ্রাপ্ত আসামি জামাল পত্তনদারকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দঘাটের দৌলতদিয়া এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রিপন মন্ডলকে গুলি করে হত্যা করা হয়। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত আসামি জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা যায়, মামলার পর থেকেই সাজা এড়াতে দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন আসামি জামাল। সম্প্রতি তিনি সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করলে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে 'বাংলাদেশ আমার অহংকার' স্লোগানকে ধারণ করে চাঞ্চল্যকর অপরাধ দমন ও অপরাধীদের গ্রেপ্তারে র‍্যাব সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...