বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিদর্শনে তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা প্রদান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
সকালে বিলাইছড়ি উপজেলায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ফুলের তোড়া দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান। পরে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজিদ রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, ফারুয়া বাজার স্থানান্তর, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এসব বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী সরকারি সেবাসমূহ যথাযথভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ডের গুণগত মান নিশ্চিত করে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
পরে জেলা প্রশাসক এসএসসি-২০২৬ পরীক্ষায় বিলাইছড়ি উপজেলা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এরপর কেংড়াছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুটি পরিবারের প্রত্যেককে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নির্মাণাধীন বিলাইছড়ি মডেল মসজিদ, কলেজ, নীলাদ্রি রিসোর্ট এবং ভূমি অফিসের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে উপজেলা পরিষদের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিদর্শন কর্মসূচি শেষ করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...