বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম।
সভায় জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাত বার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নড়াইল সদর উপজেলার মহিষখোলায় অবস্থিত বীরশ্রেষ্ঠের সমাধিস্থল এবং নূর মোহাম্মদ নগরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, কোরআনখানি ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের গৌরবগাথা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে এস এম গোলাম মোস্তফা কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল এবং জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য আয়ুব হোসেন খানসহ অনেকে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন নড়াইলের কৃতী সন্তান ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...