Logo Logo

রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের বিশেষ সাধারণ সভা, নির্বাচিত নতুন কমিটি ঘোষণা


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) এবং ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচজন সদস্যসহ মোট সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, জেলা পরিষদের প্রশাসক এবং পদাধিকার বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান।

নির্বাচন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. তৌফিকুল ইসলাম, সেক্রেটারি পদে সাইফুল ইসলাম এবং সদস্য পদে মোহাম্মদ শাহজাহান কবীর, এস এম নিয়ামতে খোদা ইকবাল হোসেন, আহসান উদ্দিন আহমেদ, দুলাল খান ও জিয়াউর রহমান নির্বাচিত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে একজন, সেক্রেটারি পদে একজন এবং সদস্য পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় এবং তাঁদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

এর আগে নির্বাচন পরিচালনার জন্য গত ২৫ আগস্ট গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ২৭ আগস্ট ভোটার তালিকা প্রকাশ, ৩১ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহার ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

পরবর্তীতে ২ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশেষ সাধারণ সভা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটের বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে।

সভায় গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...