বিজ্ঞাপন
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৯০৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।
দুর্ঘটনায় নিহতরা হলেন খুলনা জেলার দৌলতপুর থানার শেখ আক্কাস আলীর ছেলে শেখ আনিসুর রহমান (৫২), গোপালগঞ্জ সদর থানার কাওছার সরদারের ছেলে পান্নু সরদার (৪৬) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি থানার শেখ আলাউদ্দীনের মেয়ে মিশা ( ২৫)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে মোট ১৮ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাসে থাকা পিরোজপুরের জিয়ানগর থেকে আসা আহত যাত্রী আবদুল্লাহ জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। চালক অতিরিক্ত গতিতে গাড়িটি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং বাকি যাত্রীদের কম-বেশি সবাই আহত হন।
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল ও সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...