বিজ্ঞাপন
তোর কাছে চাহিদা আমার, ছিল না খুব বেশি।
চাওয়ার মাঝে এটাই ছিল, তোর মুখের মিষ্টি হাসি।
চেয়েছিলাম তোর কাছে নদীর একটু জল।
তুই আমাকে কিনে দিলি জোড়া রুপোর মল।
বৃষ্টি চেয়ে তোর কাছে, হাত পেতেছি আমি।
তুই আমাকে এনে দিলি, নতুন শাড়ি দামি।
আমি যেদিন চেয়েছিলাম, একটা গোলাপ ফুল।
বক্সে করে দিয়েছিলে, কানের হীরের দুল।
চেয়েছিলাম শুনতে আমি, তোর কণ্ঠে গান।
শুনেও করলে অন্যদিক ফিরে, না শোনার ভান।
বলেছিলাম আমার জন্য, লিখতে একটা ছড়া।
ওমনি তুমি শুরু করলে খবরের কাগজ পড়া।
চেয়েছিলাম ঘুরতে যাব, তোর হাতটা ধরে।
তখনই যে এড়িয়ে গেলে, অফিস কাজের নাম করে।
সবাই বলে আমার নাকি চাহিদা অনেক বেশি।
সাধ্যের বাইরে জিনিস নাকি, হঠাৎ চেয়ে বসি।
তাই তো এখন চাওয়ার কথা, ভুলেও বলি না।
হয়ত আমি সবার মতো, চাইতেই জানি না।
তোর কাছে চাহিদা আমার কেমন ছিল বল?
সবকিছুতেই পালিয়ে গেল, করে কত ছল।
সাধ্যের বাইরে চাইনি কিছু, তোর কাছেতে আমি।
ইচ্ছে করলেই দিতে পারতে, সেটাও আমি জানি।
হয়ত আমি চাওয়ার মতো, চাইতেই পারিনি।
নাকি তুমি দেওয়ার মতো, ইচ্ছেই করোনি?
কবি পরিচিতি- আলেয়া মান্নান, এনআইডি অনুযায়ী (মোসাঃ আলেয়া খাতুন)। জন্ম নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। কবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসে। কবির শৈশব ছিলো খুব দূরন্ত। কবি ভালো মনের মানুষ, কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকতে। কবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, কবি জীবন সংগ্রামী, কবি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই তার বড় পরিচয়। এ পর্যন্ত কবির ৫০টিরও বেশি কবিতা জাতীয় পত্রিকা ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...