বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্টোন ক্রাশার মেশিন পরিচালনার ক্ষেত্রে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারায় এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশগত ক্ষতির বিষয় এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধিবিধান অনুসরণ করা হচ্ছে কি না, তা পরিদর্শন করা হয়। এ সময় আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে উপজেলার লালপুর এলাকার মো. সোলায়মানকে ১ লাখ টাকা, লক্ষীপুর এলাকার মো. মত্তুর্জা আলীকে ১ লাখ টাকা, কামিনীপুর এলাকার মো. হোসেনকে ১ লাখ টাকা এবং একই এলাকার সফিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে রেখে আইন ও বিধিমালা মেনে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। বিধিমালা লঙ্ঘন করে পরিবেশ দূষণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, জামালগঞ্জ থানার পুলিশ সদস্য, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, বায়ুদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরিবেশ আইন ও বিধিমালা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, স্টোন ক্রাশার থেকে নির্গত ধুলাবালি ও অন্যান্য দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...