Logo Logo

উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত


Splash Image

মাদকমুক্ত তারুণ্য ও অপরাধমুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার নিয়ে গোপালগঞ্জে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো জেলা পুলিশের ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬’। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর ফাইনালে গোপালগঞ্জ সদর থানা দলকে পরাজিত করে জেলা পর্যায়ের শিরোপা ঘরে তুলেছে কাশিয়ানী থানা কাবাডি দল।


বিজ্ঞাপন


বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোপালগঞ্জে জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় এই বর্ণাঢ্য প্রতিযোগিতার চূড়ান্ত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাঠভর্তি ক্রীড়ামোদী দর্শকের করতালিতে মুখর পরিবেশে যুবকদের দেশীয় এই ঐতিহ্যবাহী খেলার নৈপুণ্য মুগ্ধ করে সবাইকে।

কমিউনিটি পুলিশিংয়ের এই বিশেষ আসরে অংশ নিতে পুরো গোপালগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী, উদ্যমী ও প্রতিভাবান অনূর্ধ্ব-২০ বয়সী উদীয়মান খেলোয়াড়দের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত দলে সুযোগ দেওয়া হয়। প্রতিযোগিতার প্রতিটি ধাপে খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে নিয়মমাফিক নিবন্ধন ও প্রতিটি ম্যাচ শেষে বিশেষ মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের ব্যক্তিগত পারফরম্যান্স চুলচেরা বিশ্লেষণ করা হয়। টুর্নামেন্টে জেলার পাঁচটি থানা থেকে পাঁচটি শক্তিশালী পুরুষ দল অংশগ্রহণ করে।

ফাইনালের মহারণে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠে কাশিয়ানী ও গোপালগঞ্জ সদর থানা কাবাডি দলের মধ্যে। তীব্র আক্রমণ ও ক্ষিপ্রগতির ট্যাকলে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে ঐতিহাসিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাশিয়ানী দল। অন্যদিকে বীরোচিত লড়াই চালিয়ে রানার্সআপ ট্রফিতে সন্তুষ্ট থাকতে হয় গোপালগঞ্জ সদর থানাকে।

খেলা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কৃত করেন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ এবং জেলা পিবিআই পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে স্মার্টফোনের মাত্রাতিরিক্ত আসক্তি, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য কেবল জয়-পরাজয় নয়, বরং তৃণমূল পর্যায়ে কাবাডির সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনা এবং পুলিশ ও সাধারণ জনগণের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও ভ্রাতৃত্বের সেতুবন্ধ আরও সুদৃঢ় করা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রনি হাওলাদার এবং গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল কবির দারাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...