বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ গ্রীন ভিউ কমিউনিটি সেন্টারে আইবিডাব্লিউএফ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার প্রায় ছয় শতাধিক ব্যবসায়ী, উদ্যোক্তা ও সুধীজন অংশগ্রহণ করেন।
আইবিডাব্লিউএফ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডাব্লিউএফ রংপুর অঞ্চলের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, আইবিডাব্লিউএফ দিনাজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক সেলিম রেজা, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুরের চেয়ারম্যান রাজিবুর রহমান পলাশ এবং ছাত্র প্রতিনিধি মো. মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে আইবিডাব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বড় পুঁজি নয়, সঠিক পরিকল্পনা, দক্ষতা, সততা ও পরিশ্রম থাকলে অল্প পুঁজিতেও সফল ব্যবসা গড়ে তোলা সম্ভব।
নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, মাত্র ১০ হাজার টাকা পুঁজি দিয়েও একজন ব্যক্তি ব্যবসার যাত্রা শুরু করতে পারেন।
ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়ানোর মাধ্যমে একজন ক্ষুদ্র উদ্যোক্তা ভবিষ্যতে বড় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইবিডাব্লিউএফ বিভিন্নভাবে কাজ করছে।
আইবিডাব্লিউএফ রংপুর অঞ্চলের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ব্যবসা শুধু নিজের কর্মসংস্থানের মাধ্যম নয়, বরং অন্যদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করে। তরুণ সমাজকে চাকরির ওপর নির্ভরশীল না করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। অল্প পুঁজিতে ছোট পরিসরে ব্যবসা শুরু করে পর্যায়ক্রমে সেটিকে বড় করার সুযোগ রয়েছে।
আইবিডাব্লিউএফ দিনাজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, ব্যবসায় সফলতার জন্য পুঁজির পাশাপাশি সততা, দক্ষতা, ধৈর্য ও সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ ঘটাতে পারলে বেকারত্ব কমানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে।
সংগঠনের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক সেলিম রেজা বলেন, ব্যবসা শুরুর আগে বাজার, পণ্যের চাহিদা, ক্রেতার প্রয়োজন এবং হিসাব-নিকাশ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে নতুন উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুরের চেয়ারম্যান রাজিবুর রহমান পলাশ বলেন, শিক্ষার পাশাপাশি তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করতে পারবেন।
এ ধরনের উদ্যোগ তরুণদের ব্যবসার প্রতি আগ্রহী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ছাত্র প্রতিনিধি মো. মাসুদ রানা বলেন, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে এ ধরনের আয়োজন প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থান তৈরির জন্য তরুণদের প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইবিডাব্লিউএফ এর দিনাজপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রাশেদের নবী বাবু।
তিনি তার বক্তব্যে বলেন,আমাদের লক্ষ্য হচ্ছে স্বল্প পুঁজির মানুষদের ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা। মাত্র ১০ হাজার টাকা অনেকের কাছে অল্প মনে হলেও সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে এই পুঁজি থেকেই একটি ব্যবসার সূচনা করা সম্ভব।
তিনি বলেন, “আমরা চাই দিনাজপুরের প্রতিটি এলাকায় নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক। বিশেষ করে তরুণ সমাজ যেন শুধু চাকরির ওপর নির্ভরশীল না হয়ে নিজেরা ব্যবসা শুরু করে অন্যের কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি করতে পারে।
আইবিডাব্লিউএফ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা, তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
রাশেদুন নবী বাবু আরও বলেন, একজন উদ্যোক্তা সফল হলে শুধু তার নিজের পরিবার উপকৃত হয় না, তার ব্যবসার সঙ্গে আরও অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হয়। তাই ছোট ব্যবসাকে ছোট করে দেখার সুযোগ নেই। আজকের ক্ষুদ্র উদ্যোক্তাই আগামী দিনের বড় ব্যবসায়ী হতে পারেন।
তিনি বলেন, ব্যবসায় সফল হতে হলে সততা ও আমানতদারির পাশাপাশি ক্রেতার সঙ্গে ভালো আচরণ, সময়ের মূল্য দেওয়া এবং ব্যবসায়িক হিসাব-নিকাশ সঠিকভাবে পরিচালনা করতে হবে। আমরা চাই, দিনাজপুরে এমন একটি ব্যবসায়ী সমাজ গড়ে উঠুক, যারা নিজেদের উন্নয়নের পাশাপাশি সমাজ ও দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি সমাবেশে অংশ নেওয়া ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও আইবিডাব্লিউএফের পক্ষ থেকে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আইবিডাব্লিউএফ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি জাহিদ হাসান, শহর শাখার উপদেষ্টা কামরুল হাসান রাসেল, বিরল উপজেলা উপদেষ্টা হাফেজ আব্দুর রশিদ, ব্যবসায়ী মাওলানা আশরাফুলসহ অন্যান্যরা।
বক্তারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা, স্বল্প পুঁজিতে ব্যবসার প্রসার, নতুন উদ্যোক্তা তৈরি এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে মাত্র ১০ হাজার টাকা পুঁজি দিয়ে কীভাবে ব্যবসার যাত্রা শুরু করা যায়, ব্যবসার ধরন নির্বাচন, পুঁজি ব্যবস্থাপনা, ক্রেতা সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদে সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন এলাকার প্রায় ছয় শতাধিক ব্যবসায়ী, উদ্যোক্তা ও সুধীজন অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...