Logo Logo

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা


Splash Image

ব্যক্তিগত নৈপুণ্যের নিরিখে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি ব্যালন ডি’অর। সোমবার রাতে লন্ডনের ঐতিহাসিক প্যালাডিয়াম থিয়েটারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম। তবে জমকালো এই আসরের কয়েক ঘণ্টা আগেই মর্যাদাপূর্ণ ট্রফিটি জয়ের দৌড়ে এসেছে নাটকীয় পরিবর্তন। আন্তর্জাতিক বুকমেকারদের হিসাব-নিকাশ এবং সাম্প্রতিক ফর্মের বিশ্লেষণে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে টপকে জয়ের স্পষ্ট ফেভারিট হিসেবে আবির্ভূত হয়েছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ স্ট্রাইকার হ্যারি কেইন।


বিজ্ঞাপন


চলতি মৌসুমে বুকমেকারদের বাজির দরে হঠাৎ বড় ধরনের রদবদল লক্ষ্য করা গেছে। বায়ার্ন মিউনিখের জার্সিতে ব্যক্তিগতভাবে স্বপ্নের মতো সময় কাটিয়েছেন কেইন; ৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে তার নামের পাশে রয়েছে অবিশ্বাস্য ৭৩ গোল। গোলমুখে এমন নিখুঁত ধারাবাহিকতার সুবাদেই বাজির দরে সবার ওপরে অবস্থান করছেন ইংলিশ অধিনায়ক, যেখানে তার পক্ষে দর দাঁড়িয়েছে গড়ে ১.৩৫-এ। ব্যক্তিগত পরিসংখ্যানে অন্য সব প্রতিদ্বন্দ্বীর চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকাটাই তাকে এবার ট্রফির সবচেয়ে শক্ত দাবিদার বানিয়েছে।

অন্যদিকে, মাত্র কয়েক দিনের ব্যবধানে ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের পালে কিছুটা ভাটা পড়েছে। অধিকাংশ বুকমেকার স্প্যানিশ তারকার বিপক্ষে বাজির দর ৩.২৫ থেকে বাড়িয়ে ৬.০০-তে উন্নীত করেছে, যা তার সম্ভাবনা কমার ইঙ্গিত দিচ্ছে। যদিও গত মৌসুমে লা লিগায় ১৬ গোল ও ১১টি অ্যাসিস্টের মাধ্যমে বার্সেলোনার লিগ এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে মূখ্য ভূমিকা রেখেছিলেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্যালন ডি’অর নির্ধারণে সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রভাব অনেক বেশি দেখা যায়। স্পেনের ২০২৬ বিশ্বকাপ জয়ে মাঠ কাঁপিয়ে ইয়ামালই শুরুতে সবচেয়ে এগিয়ে ছিলেন বলে ধরা হচ্ছিল। তবে সাম্প্রতিক ইউরোপিয়ান প্রতিযোগিতার পারফরম্যান্স এবং স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’র বার্ষিক পুরস্কারে ইয়ামালকে টপকে কেইনের সেরা হওয়া বিশ্বজুড়ে ভোটারদের বিবেচনায় বড় প্রভাব ফেলেছে বলে মত ফুটবল বিশ্লেষকদের।

উল্লেখ্য, ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারণে ভোটাধিকার প্রয়োগ করেন ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের মনোনীত ক্রীড়া সাংবাদিকরা। তাদের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে পর্যায়ক্রমে শীর্ষ ১০ জন খেলোয়াড়কে বেছে নিতে হয়। প্রথম স্থানের জন্য ১৫, দ্বিতীয় স্থানের জন্য ১২ এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট—এই নিয়মে প্রদত্ত সামগ্রিক পয়েন্টের ভিত্তিতেই নির্ধারিত হবে কে হাসবেন শেষ হাসি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...