Logo Logo

বিপিএলে দল কিনতে আগ্রহী লাহোর কালান্দার্স মালিক সামিন রানা


Splash Image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি কেনার আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সহ-মালিক সামিন রানা। সব প্রক্রিয়া, আর্থিক দর-কষাকষি ও শর্তাবলি ব্যাটে-বলে মিললে দেশের জনপ্রিয় এই টুর্নামেন্টের কোনো একটি দলের মালিকানা নিতে চান তিনি। শুধু ফ্র্যাঞ্চাইজি কেনাই নয়, দীর্ঘমেয়াদে বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে নানা কার্যক্রমে যুক্ত হওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন পাকিস্তানি এই ব্যবসায়ী।


বিজ্ঞাপন


সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলমান ত্রিদেশীয় সিরিজ কাভার করতে যাওয়া বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সামিন রানা এ আগ্রহের কথা জানান। বাংলাদেশ ও এ দেশের ক্রিকেটকে অত্যন্ত ভালোবাসেন উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ অবশ্যই আমার হৃদয়ের খুব কাছাকাছি একটি জায়গা। আমি বিপিএল বা বাংলাদেশের ক্রিকেটের যেকোনো ইতিবাচক প্ল্যাটফর্মে অংশ নেওয়ার সুযোগ খুঁজছি। সব কিছুই নির্ভর করবে শেষ পর্যন্ত কী ধরনের ক্ষেত্র তৈরি হয় তার ওপর। তবে পরিবেশ অনুকূলে থাকলে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হতে আমার ভীষণ আগ্রহ রয়েছে।’

গত কয়েক বছর ধরেই মাঠের বাইরে ব্যবস্থাপনা ও দল পরিচালনা নিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে বিপিএল। বিষয়টি পর্যবেক্ষণ করেছেন জানিয়ে সামিন বলেন, ‘বিপিএল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চমৎকার একটি টুর্নামেন্ট। তবে এটা ঠিক যে, সাম্প্রতিক সময়ে এটি কঠিন সময় পার করছে। তবে বাংলাদেশ ও পাকিস্তান—দুই দেশের মানুষেরই ক্রিকেট নিয়ে আবেগ অসাধারণ। এমন আবেগের জায়গায় পেশাদার লিগ আয়োজনে এত টানাপোড়েন বা সংগ্রাম হওয়া উচিত নয়।’

তিনি আরও জানান, বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ মহলের সঙ্গে তাঁর প্রাথমিক আলোচনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে সামিন রানা বলেন, ‘বিসিবির সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছে, যেখানে পারস্পরিক অভিজ্ঞতা ভাগাভাগি করেছি। আমরা ১১ বছর ধরে পিএসএলে আছি, দক্ষিণ আফ্রিকার গ্লোবাল লিগ টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ছিলাম, একাধিকবার টি-টেন লিগে কাজ করেছি এবং দীর্ঘদিন ধরে ক্রিকেট কানাডার ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনায় জড়িত। বিশ্বজুড়ে বিভিন্ন লিগ পরিচালনার ফলে আমাদের যে গভীর ধারণা তৈরি হয়েছে, তা শেয়ার করেছি যাতে বিপিএলকে আরও আকর্ষণীয় ও আধুনিক করা যায়। যদি দুই পক্ষের জন্যই লাভজনক ও টেকসই কোনো মডেল দাঁড়ায়, তবে আমরা বিপিএলের অংশ হতে পারলে অত্যন্ত আনন্দিত হব।’

অতীতে পিএসএলে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান, রিশাদ হোসেনের মতো বাংলাদেশের একাধিক তারকা ক্রিকেটার। তবে বিপিএলে দল পাওয়ার সুযোগ শেষ পর্যন্ত না মিললেও বিসিবির সঙ্গে ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’ বা যৌথ প্রতিভা বিনিময় কর্মসূচি চালু করতে চান সামিন। তিনি বলেন, ‘আমরা সম্প্রতি গায়ানার যুব ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করেছি, যার অধীনে তারা তরুণ ক্রিকেটারদের আমাদের হাই পারফরম্যান্স সেন্টারে পাঠাবে। একইভাবে জিম্বাবুয়ের ৮ জন ক্রিকেটার সম্প্রতি ইসলামাবাদ হাই পারফরম্যান্স সেন্টারে ৬ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন করেছে। বাংলাদেশ থেকেও যদি বিসিবি চায়, তবে উভয় দেশের উদীয়মান ক্রিকেটাররা পরস্পরের অবকাঠামো ও একাডেমি ব্যবহার করে দক্ষতা বাড়াতে পারে। বিপিএলে সরাসরি না হলেও এই যৌথ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করতে পুরোপুরি প্রস্তুত।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...