Logo Logo

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি’র পৃথক অভিযানে মালিকবিহীন ১ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার


Splash Image

মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রতিনিধি রামু। কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে মালিকবিহীন ১ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


২৬ অক্টোবর ২০২৬ তারিখে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ভোর আনুমানিক ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ জীম্বনখালী বিওপি’র একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থান করছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ৭ নম্বর বিজিবি পোস্টসংলগ্ন সেলিম আহম্মদের মাছের ঘের নামক স্থান দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখা যায়। বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশী চালিয়ে ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০ কার্টুনে আনুমানিক ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে একই দিন সকাল আনুমানিক ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপি’র বিশেষ টহল দল গুইজ্জা খালের পশ্চিম পাশ দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে পোটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশী চালিয়ে পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৮ কার্টুনে আনুমানিক ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উভয় ঘটনাস্থলেই বিশদভাবে তল্লাশী চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের গ্রেফতারে ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে সফল ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...