বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডি ও এসবি প্রধান কার্যালয়ের ভেতরে পার্কিংয়ে রাখা একটি গাড়ির বনেটের ওপর ককটেল ফেলে বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্রাইম সিন ইউনিট সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার পর ডিএমপির মতিঝিল বিভাগ, সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
একই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ, জগন্নাথ হলের আশপাশ, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকায় অন্তত নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩) নামে তিনজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
নগরীর পরিবহন ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে দুর্বৃত্তরা। রাত ১০টা ১০ মিনিটে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বিস্ফোরণ ঘটে, যা পরবর্তীতে নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার কর্মকর্তা। এছাড়া ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টার পর ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
উত্তরা পূর্ব থানা এলাকায় রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেলে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একইভাবে রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেত থানার কাছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
অন্যদিকে ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে মধ্যরাতে (রাত ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে) এবং শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকায় রাত সাড়ে ১১টার দিকে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্চিতকরণ অনুযায়ী, এসব ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নগরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাগুলোর সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...