Logo Logo

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা : রয়টার্স


Splash Image

চব্বিশের গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই বাংলাদেশ দূতাবাসে দেওয়া তাঁর প্রথম কোনো আবেদন।


বিজ্ঞাপন


সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর আইনজীবীরা এ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। রয়টার্স সে চিঠিটি দেখার সুযোগ পেয়েছে বলে প্রতিবেদনে নিশ্চিত করেছে।

দূতাবাসে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ পরবর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি প্রদান এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে চিঠিতে এ আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়।

এর আগে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে আগ্রহী। সেই লক্ষ্যেই সোমবার তাঁর সহযোগীরা জানান, প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়া মাত্রই তাঁর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুতির আগে আওয়ামী লীগ ছিল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। তবে গণ-অভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। বর্তমানে দলটির বহু নেতা-কর্মী কারাবন্দী রয়েছেন এবং একটি বড় অংশ ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে জীবনযাপন করছেন।

বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো একটি বিশাল গোষ্ঠীর সমর্থন রয়েছে। ফলে তাঁর দেশে ফেরার এই উদ্যোগ রাজনৈতিক বিভাজন আরও উস্কে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতা কাটিয়ে ঢাকা যখন ধীরে ধীরে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, ঠিক তখন তাঁর এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মোড় নিতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানকালে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অপরাধে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। গণ-অভ্যুত্থানে ক্ষমতার পতন এবং দেশ ছাড়ার দুই বছরেরও বেশি সময় পর তাঁর পাসপোর্ট ও এনআইডি পুনর্দখল এবং দেশে ফেরার এই প্রয়াস সারা দেশে নতুন করে ব্যাপক রাজনৈতিক ও আইনি উত্তেজনার সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...